প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ২:৩৭ পিএম

বাংলাদেশ পুলিশের ৯ জন পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় তাদের অবসরে পাঠানো হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
বাধ্যতামূলক অবসরে যাওয়া কর্মকর্তারা হলেন— এপিবিএনের কেএম আজিজুল ইসলাম, সিআইডির মো. আবদুর রশিদ, ডিএমপির ডেভেলপমেন্ট বিভাগের মো. জামাল উদ্দিন মীর, সারদা পুলিশের আকবর আলী খান, গাইবান্ধার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের মো. সিরাজুল হক শেখ, এমআরটি পুলিশের মীর জাহেদুল হক রনি, ৫ এপিবিএনের মো. আসিকুজ্জামান, কক্সবাজারের চকরিয়া সার্কেল অফিসের আজিজুর রহমান এবং ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের মো. আসলাম হোসেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০১৮ সালের সরকারি চাকরি বিধিমালার ৪৫ ধারা অনুযায়ী চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হওয়ায় তাদের অবসরে পাঠানো হয়েছে। নিয়ম অনুযায়ী তারা অবসর-সংক্রান্ত সব সুবিধা পাবেন।
স্বদেশ প্রতিদিন/এনআর