প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১৬ পিএম

এশিয়া কাপে ভারত–পাকিস্তান ম্যাচে হাত না মেলানো বিতর্কে নতুন মোড় এসেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নাকভি দাবি করেছেন, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটই টসের সময় দুই অধিনায়ককে হাত মেলাতে নিষেধ করেছিলেন। এজন্য তিনি পাইক্রফটকে অবিলম্বে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি তুলেছেন।
নাকভি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, পাইক্রফটের আচরণে আইসিসির আচরণবিধি ও এমসিসির “স্পিরিট অব ক্রিকেট” লঙ্ঘন হয়েছে। এ নিয়ে আইসিসির কাছে অভিযোগও জমা দিয়েছে পিসিবি। তবে এখনো আইসিসির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, এসিসি টুর্নামেন্ট আয়োজন করলেও ম্যাচ রেফারি নিয়োগ দেয় আইসিসিই।
ম্যাচটিতে পাকিস্তান ১২৮ রানে অলআউট হয় এবং ভারত মাত্র ১৫.৫ ওভারে জয় পায়। কিন্তু টস থেকে শুরু করে ম্যাচ শেষে পর্যন্ত ভারতীয় খেলোয়াড়েরা পাকিস্তানিদের সঙ্গে হাত মেলাননি। বিশেষ করে ম্যাচ জেতার পর ভারতীয় দল সরাসরি ড্রেসিংরুমে ঢুকে যায়, যখন পাকিস্তানি ক্রিকেটাররা হাত মেলানোর জন্য অপেক্ষায় ছিলেন।
এই ঘটনায় পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো ভারতীয় দলের আচরণের তীব্র সমালোচনা করেছে। পাকিস্তান অধিনায়ক সালমান আগা ক্ষোভে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও যোগ দেননি। কোচ মাইক হেসন বলেন, ভারতের এ ধরনের আচরণ হতাশাজনক।
ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব অবশ্য সাংবাদিকদের বলেছেন, জীবনের কিছু বিষয় খেলোয়াড়সুলভ মনোভাবের চেয়েও গুরুত্বপূর্ণ। এদিকে পাইক্রফটের আরও দুটি ম্যাচ পরিচালনার কথা রয়েছে—আজ হংকং–শ্রীলঙ্কা এবং বুধবার পাকিস্তান–সংযুক্ত আরব আমিরাতের ম্যাচ।
স্বদেশ প্রতিদিন/ আরএফ