প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৮:১৮ পিএম

নওগাঁ শহরের তাজের মোড় এলাকা থেকে গাঁজাসহ স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি (গোয়েন্দা) পুলিশ। এসময় তাদের কাছ থেকে প্রায় ৭ কেজি গাঁজা, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, সোমবার সকাল ১০টার দিকে পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলামের নেতৃত্বে এবং এএসআই সাহাবুদ্দিনের সহায়তায় শহরের তাজের মোড়ে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, রুবেল হোসেন (৩৪) বগুড়ার সান্তাহার পৌরসভার কলসা হলুদ ঘর এলাকার বাসিন্দা এবং সান্তাহার পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি।, সোনিয়া ওরফে সনি (২৫) ইয়ার্ড কলোনির মৃত রফিকুল ইসলাম ভোলার মেয়ে, মোমিনুল ইসলাম সোহাগ (৪৩) মৃত রফিকউল্লাহর ছেলে, যার স্থায়ী ঠিকানা নোয়াখালীর মুরাদপুরে হলেও বর্তমানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বসবাস করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, একটি বাসযোগে বাইরে থেকে মাদক আনা হচ্ছে। ওই তথ্যের ভিত্তিতে ডিবি সদস্যরা তাজের মোড়ে অবস্থান নেয়।
এসময় মোমিনুল ইসলাম একটি ট্রাভেল ব্যাগ রুবেল হোসেন ও সোনিয়ার হাতে হস্তান্তর করার সময় তাদের হাতে-নাতে আটক করা হয়। ব্যাগটি তল্লাশি করে কচটেপ মোড়ানো ৫টি প্যাকেটে মোট ৬ কেজি ৯৭৮ গ্রাম গাঁজা পাওয়া যায়।
এছাড়া অভিযানে নগদ ৯ হাজার ৩০০ টাকা এবং চারটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন বলেন, “গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। মোমিনুল বিভিন্ন জেলা থেকে মাদক সংগ্রহ করে সরবরাহ করতেন। রুবেল ও সোনিয়া তা কিনে নওগাঁসহ আশপাশের এলাকায় বিক্রি করতেন।”
তিনি আরও জানান, এই তিনজনের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। নতুন করে নওগাঁ সদর থানায় মামলা দায়ের করে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে