প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫৪ পিএম আপডেট: ১৫.০৯.২০২৫ ৪:৫৮ PM

দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য চিকিৎসা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ অনুদান প্রদান করবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। ষষ্ঠ শ্রেণি থেকে শুরু করে স্নাতক বা সমমান পর্যায়ের শিক্ষার্থীরা এ সুবিধার আওতায় আসবেন। অনুদান হিসেবে একজন শিক্ষার্থী সর্বনিম্ন ১০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত আদেশ প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সব শিক্ষার্থী দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তারা একবার অনলাইনে চিকিৎসা অনুদানের জন্য আবেদন করতে পারবেন। তবে দুর্ঘটনাটি চলতি অর্থবছরে অথবা সর্বোচ্চ এক বছরের মধ্যে ঘটতে হবে।
আবেদন করতে হলে শিক্ষার্থী বা তার পিতা-মাতার নিজস্ব ব্যাংক হিসাব নম্বর ও মোবাইল নম্বর প্রদান করতে হবে। ব্যাংক হিসাবের প্রমাণস্বরূপ আবেদন ফরমের সঙ্গে চেকের পাতা অথবা ব্যাংক স্টেটমেন্ট আপলোড করতে হবে। যদি শিক্ষার্থীর পিতা-মাতা মৃত বা অনুপস্থিত থাকেন, সেক্ষেত্রে আইনগত অভিভাবকের ব্যাংক হিসাব ব্যবহার করা যাবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আবেদন প্রক্রিয়া সম্পূর্ণভাবে অনলাইনে সম্পন্ন করতে হবে। আবেদন গ্রহণের শেষ সময় ৩১ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
আবেদন অনুমোদিত হলে তিন থেকে চার মাসের মধ্যে শিক্ষার্থীর ব্যাংক হিসাবে অনুদানের অর্থ পৌঁছে যাবে। নির্বাচিত শিক্ষার্থীদের অনুদান মঞ্জুরের বিষয়টি এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সরকারের এই উদ্যোগ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের চিকিৎসা ও শিক্ষা চালিয়ে যেতে গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ