প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৩৪ পিএম

বাংলাদেশ খেলাফত মজলিস জুলাই সনদের বাস্তবায়ন, জাতীয় নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ডসহ পাঁচ দফা দাবি জানিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে।
রবিবার সকালে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির আমির মাওলানা মামুনুল হক। এ সময় কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাওলানা মামুনুল হক বলেন, পাঁচ দফা দাবি কেবল রাজনৈতিক অংশগ্রহণের জন্য নয়; এগুলো জনগণের অধিকার এবং ন্যায়পরায়ণতার নিশ্চয়তার সঙ্গে সম্পর্কিত। তিনি বলেন, জনগণ যেন নির্ভরযোগ্য, স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি বেছে নিতে পারে, সেই পরিবেশ তৈরি করাই এ দাবির মূল লক্ষ্য।
দলটির পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়ন, জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ, আসন্ন নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ, জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা এবং সংসদের উচ্চকক্ষে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি বাস্তবায়ন। খেলাফত মজলিস মনে করছে, এসব দাবি দেশের ভবিষ্যতের জন্য ন্যায় ও স্বচ্ছতার প্রতিফলন।
এই দাবিগুলো আদায়ের জন্য দলটি তিন ধাপের কর্মসূচি ঘোষণা করেছে। ১৮ সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ মিছিল, ১৯ সেপ্টেম্বর সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল এবং ২৬ সেপ্টেম্বর দেশব্যাপী জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। বিশেষভাবে জানানো হয়, ১৮ সেপ্টেম্বর বাদ আসর বাইতুল মোকাররমের উত্তর গেটে ঢাকা মহানগরীর উদ্যোগে বিক্ষোভ মিছিল আয়োজন করা হবে।
সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। এতে আরও উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, মুফতি শারাফাত হোসাইনসহ কেন্দ্রীয় নেতারা। তারা সরকারের প্রতি আহ্বান জানান, জনগণের দাবি গুরুত্বসহকারে বিবেচনা করে বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নিতে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ