প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১:০৭ পিএম

সম্প্রতি অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে রোকেয়া হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত হয়েছেন নোয়াখালী জেলার চাটখিল পৌরসভার ভীমপুর গ্রামের কন্যা নাবিলা মাহজাবিন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন।
নাবিলা মাহজাবিন মো. নাসির উদ্দিন ও গৃহিণী মায়ের সন্তান। তিন বোন ও এক ভাইয়ের পরিবারে তিনি সবার ছোট। বড় ভাই শামসুল আরেফিন বর্তমানে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন।
শিক্ষাজীবনে নাবিলা চাটখিল পাঁচগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। বর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। পাশাপাশি তিনি বিভাগীয় শিক্ষার্থী সংসদের নির্বাচিত কার্যনির্বাহী সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
মুঠোফোনে প্রতিক্রিয়ায় নাবিলা মাহজাবিন বলেন, “শিক্ষার্থীদের কল্যাণে আমি শুরু থেকেই কাজ করেছি। সাধারণ ছাত্রীরা আমাকে সমর্থন ও উৎসাহ দিয়েছেন বলেই নির্বাচিত হতে পেরেছি। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আগামী দিনে রোকেয়া হলে ছাত্রীদের নিরাপত্তা ও নির্বিঘ্ন পাঠদানের পরিবেশ নিশ্চিতে প্রশাসন ও ছাত্রীদের সঙ্গে সমন্বয় করে কাজ করব।”
স্বদেশ প্রতিদিন/এনআর