প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৫৬ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, নির্বাচনের ডেডলাইন নিয়ে তাদের কোনো আপত্তি নেই। তিনি বলেন, “প্রয়োজনে আগামীকালই নির্বাচন দিন। কিন্তু এর আগে আমাদের একটি নতুন সংবিধান দিতে হবে—যেখানে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।”
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে কুমিল্লার দেবীদ্বার উপজেলার তুলাগাঁও গ্রামে ‘উঠানে রাজনীতি’ শীর্ষক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে হাসনাত আবদুল্লাহ বলেন, “আপনার উপদেষ্টাদের অনেকেই নানা অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন—এটা আমরা বিশ্বাস করতে চাই না। আপনাদের জুলাই ছাত্র আন্দোলনের শহীদদের রক্তের ওপর বসানো হয়েছে। সুতরাং জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে হবে।”
তিনি আরও বলেন, “আমরা শুধু দারোয়ান পরিবর্তনের জন্য নির্বাচন করব না। দরজা-জানালাও পরিবর্তন করতে হবে। মুখের কথায় আর আস্থা নেই। আমাদের লিখিত ভিত্তিতে নতুন সংবিধান চাই। নইলে নির্বাচন কেবল ক্ষমতাসীনদের পালাবদল হবে, সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না।”
হাসনাত আবদুল্লাহ অভিযোগ করে বলেন, অতীতে ভোটের আগে টাকা দিয়ে ভোট কেনার সংস্কৃতি চালু হয়েছিল, যা জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছুই নয়। “যারা পাঁচ বছর আমাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেন, তারা যে টাকা দিয়ে ভোট কেনেন সেটি দুর্নীতির টাকা। সেই টাকা নির্বাচনের পর জনগণের কাছ থেকেই আবার তুলে নেন। এবার জনগণকে শপথ নিতে হবে, আর টাকার কাছে বিক্রি হবে না।”
সভায় দেবীদ্বার উপজেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক জামাল মোহাম্মদ কবীরের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম, এহতেশাম হক ও জাহাঙ্গীর আলম প্রমুখ।
স্বদেশ প্রতিদিন/ আরএফ