প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২৯ পিএম আপডেট: ১৪.০৯.২০২৫ ১২:২২ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে নিজেদের প্যানেলের একচেটিয়া বিজয়ে আনন্দ মিছিল করবে না বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। পরিবর্তে তারা সৃষ্টিকর্তার প্রতি ‘সিজদার মাধ্যমে শুকরিয়া’ জানাবে বলে জানিয়েছে সংগঠনটি।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে ভোটগ্রহণের প্রায় ৪৮ ঘণ্টা পর জাকসু ও হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত এ নির্বাচনে ২৫টি পদের মধ্যে ২০টিতে জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’।
ফল ঘোষণার পর প্রতিক্রিয়ায় শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, “আলহামদুলিল্লাহ, আল্লাহ অতি মহান। ঢাবির মতো জাবিতেও শিক্ষার্থীরাই বিজয়ী হলেন। যে ক্যাম্পাসে ছাত্রশিবির পরিচয় দেয়া ছিল হত্যাযোগ্য, সেই ক্যাম্পাসে আজকের এই বিজয় মহান রবের বিশেষ অনুগ্রহ।”
তিনি আরও বলেন, “আমরা দেশের কোথাও কোনো আনন্দ মিছিল করব না। শুধু মহান রবের নিকট সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় করব। কারও প্রতি আমাদের কোনো অনুযোগ বা বিদ্বেষ নেই। নিজেদের ভুল ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর ভুলের জন্য আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই।”
শিবির সভাপতি আশাবাদ ব্যক্ত করে বলেন, “গৌরবোজ্জ্বল ঐতিহ্যের প্রতীক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হোক সম্প্রীতির এক অনন্য উপমা। আর প্রিয় মাতৃভূমি বাংলাদেশ হয়ে উঠুক সবার বাংলাদেশ।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ