প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১১ পিএম

যশোরের মণিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খলিলুর রহমানকে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও গুরুতর অসদাচরণের অভিযোগে প্রাথমিক সদস্যপদসহ সকল দলীয় পদ থেকে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, খলিলুর রহমানকে বিএনপির কোনো কার্যক্রমে সম্পৃক্ত না করতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁর কোনো ব্যক্তিগত কর্মকাণ্ড বা অপকর্মের দায় দল নেবে না বলেও স্পষ্ট জানানো হয়।
স্থগিতাদেশ চলাকালে ইউনিয়ন বিএনপির প্রথম যুগ্ম সম্পাদককে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
একই বিজ্ঞপ্তিতে জেলা বিএনপির পক্ষ থেকে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি কোনো নেতাকর্মীর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়, সেই সময় কেউ অযাচিতভাবে হস্তক্ষেপ করলে তার বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া, দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো কর্মকাণ্ডে জড়িত থাকলে সেই ব্যক্তির বিএনপিতে থাকার সুযোগ থাকবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে