প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১৬ পিএম

সংগৃহীত ছবি
দীর্ঘ ৪৮ ঘণ্টা ভোট গণনা শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন-২০২৫ এর ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এতে সহ-সভাপতি (ভিপি) পদে সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়েছেন ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ প্যানেলের প্রার্থী আব্দুর রশিদ জিতু।
শনিবার (১৩ সেপ্টেম্বর) ঘোষিত ফলাফলে দেখা যায়, জিতু পেয়েছেন ৩ হাজার ৩৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামি ছাত্র শিবির–সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’-এর প্রার্থী আরিফুল্লাহ আদিব পেয়েছেন ২ হাজার ৩৯২ ভোট। ভোটের ব্যবধান দাঁড়ায় ৯৪৭।
আব্দুর রশিদ জিতু বিশ্ববিদ্যালয়ের গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী। তিনি জুলাই আন্দোলনের শুরু থেকেই সক্রিয় ছিলেন এবং জাবিতে আন্দোলনের অন্যতম সমন্বয়কের ভূমিকা পালন করেন।
গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে শিক্ষার্থীদের স্বার্থে বিভিন্ন আন্দোলনেও সামনে থেকে নেতৃত্ব দেন তিনি। মূলত জুলাই আন্দোলন থেকেই ক্যাম্পাসে তার জনপ্রিয়তা বাড়তে থাকে। তবে ৫ আগস্টের আগে তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জাবি শাখার রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, যার কারণে একাধিকবার সমালোচিতও হয়েছেন।