
সংগৃহীত ছবি
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ শনিবার (১৩ সেপ্টেম্বর)।
আগামীকাল রবিবার (১৪ সেপ্টেম্বর) প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থিতা। সেদিন থেকেই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ভিপি পদে ২০ জন, জিএস পদে ১৪ জন এবং এজিএস পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত বৃহস্পতিবার পর্যন্ত ঘোষিত হয়েছে ৯টি প্যানেল। তবে ছাত্রদল ও ছাত্রশিবির ছাড়া অন্য কোনো সংগঠন বা স্বতন্ত্র জোট পূর্ণাঙ্গ প্যানেল দিতে পারেনি।
ঘোষিত প্যানেলগুলো হলো ছাত্রদল মনোনীত প্যানেল, ছাত্রশিবির-সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’, ‘রাকসু ফর র্যাডিক্যাল চেঞ্জ’, ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’, ‘অপরাজেয় ৭১, অপ্রতিরোধ্য ২৪’, ‘আধিপত্যবিরোধী ঐক্য’, ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’, ‘সচেতন শিক্ষার্থী পরিষদ’ এবং ‘স্বতন্ত্র শিক্ষার্থী জোট’।
ক্যাম্পাসজুড়ে আলোচনা রয়েছে, মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ছয়টি প্যানেলের মধ্যে। এর মধ্যে সম্মিলিত শিক্ষার্থী জোট থেকে ভিপি পদে লড়বেন শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান ওরফে জাহিদ, জিএস পদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ফজলে রাব্বি মো. ফাহিম রেজা এবং এজিএস পদে স্টুডেন্ট নেটওয়ার্ক সোচ্চারের সভাপতি এস এম সালমান সাব্বির।
ছাত্রদল মনোনীত প্যানেল থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শাখা ছাত্রদলের সহসভাপতি শেখ নূর উদ্দিন আবির, জিএস পদে দপ্তর সম্পাদক নাফিউল জীবন এবং এজিএস পদে যুগ্ম সাধারণ সম্পাদক জাহিন বিশ্বাস এষা।
আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলে ভিপি পদে মেহেদী সজীব, জিএস পদে সালাউদ্দিন আম্মার এবং এজিএস পদে আকিল বিন তালেব প্রতিদ্বন্দ্বিতা করবেন।
গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ প্যানেলে ভিপি পদে ফুয়াদ রাতুল, জিএস পদে কাউছার আহম্মেদ এবং এজিএস পদে নাসিম সরকার প্রতিদ্বন্দ্বিতা করছেন।
‘রাকসু ফর র্যাডিক্যাল চেঞ্জ’ প্যানেল থেকে ভিপি পদে লড়ছেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেহেদী মারুফ, জিএস পদে আফরিন জাহান এবং এজিএস পদে আল শাহরিয়ার শুভ।
অন্যদিকে সর্বজনীন শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে ভিপি পদে তাসিন খান, জিএস পদে রাজন আল আহমেদ এবং এজিএস পদে মাহাইর ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। উল্লেখ্য, তাসিন খান রাকসুর ইতিহাসে প্রথম নারী ভিপি প্রার্থী, যিনি একটি পূর্ণাঙ্গ প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, আজ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। আগামীকাল প্রকাশ হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। এরপর থেকেই প্রার্থীরা আচরণবিধি মেনে প্রচারণা চালাতে পারবেন।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহার ১৩ সেপ্টেম্বর, চূড়ান্ত প্রার্থিতা প্রকাশ ১৪ সেপ্টেম্বর এবং আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে একই দিন থেকে। আগামী ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অ্যাকাডেমিক ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সেদিনই ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।