প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৩:২৫ AM

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ফুটবল খেলাকে কেন্দ্র করে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস এবং মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বরিশাল-ভোলা মহাসড়কে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে অন্তত ১০ শিক্ষার্থী আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, খেলাকে ঘিরে প্রথমে দুই বিভাগের শিক্ষার্থীর মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। আহতদের মধ্যে তিনজন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী, যাদের দুজনকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষ থামাতে গিয়ে ধাক্কাধাক্কির শিকার হন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম। পরে শিক্ষক ও প্রক্টরিয়াল বডির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ঘটনার পর ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসেন ফয়সাল জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। শনিবার উভয় বিভাগের শিক্ষার্থীদের নিয়ে বৈঠক করে সমাধানের চেষ্টা করা হবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ