প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩৭ পিএম আপডেট: ১২.০৯.২০২৫ ১:০৮ এএম

যুক্তরাজ্য সফরে গিয়ে গাজা যুদ্ধকে ঘিরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) লন্ডনের ডাউনিং স্ট্রিটে তাদের এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এএফপি জানায়, সাম্প্রতিক সময়ে স্টারমার গাজায় ইসরাইলের সামরিক অভিযান নিয়ে কড়া সমালোচনা করেছেন এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির পথে যুক্তরাজ্যকে নিয়ে গেছেন। এমন প্রেক্ষাপটেই হার্জোগের লন্ডন সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বৈঠকের শুরুতে গণমাধ্যমের সামনে করমর্দন করলেও আলোচনার টেবিলে দুই নেতা সরাসরি মতবিরোধে জড়িয়ে পড়েন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, স্টারমার দোহায় হামাস নেতাদের ওপর ইসরাইলি বিমান হামলার নিন্দা জানান এবং এটিকে গুরুত্বপূর্ণ অংশীদারের সার্বভৌমত্ব লঙ্ঘন বলে উল্লেখ করেন।
স্টারমার গাজায় ‘মানবসৃষ্ট দুর্ভিক্ষ’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং অবিলম্বে মানবিক সাহায্য পুনরায় চালু ও আক্রমণাত্মক সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানান।
আলোচনার পর সাংবাদিকদের হার্জোগ বলেন, “আমাদের মধ্যে খুবই স্পষ্ট ও খোলামেলা আলোচনা হয়েছে। এটি মিত্রদের বৈঠক হলেও কঠিন ও জোরালো ছিল। মিত্রদের মাঝে মতবিরোধ হতেই পারে।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ