প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫৬ AM

কাতারে অবস্থানরত হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাপান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী তাকেশি ইওয়াইয়া বুধবার এক বিবৃতিতে বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা জাপানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এ মুহূর্তে জরুরি অগ্রাধিকার হওয়া উচিত গাজায় যুদ্ধবিরতির বাস্তবায়ন এবং জিম্মিদের মুক্তি।
জাপান মনে করে, ইসরায়েলের এ ধরনের পদক্ষেপ কূটনৈতিক প্রচেষ্টাগুলোকে দুর্বল করার পাশাপাশি কাতারের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। দেশটি কাতারের প্রতি সংহতি জানিয়েছে এবং ইসরায়েলকে অবিলম্বে আলোচনায় ফিরে যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির জন্য আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছে।
গত মঙ্গলবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস নেতাদের লক্ষ্য করে কাতারের রাজধানী দোহায় বিমান হামলা চালায় ইসরায়েল। হামলায় হামাস নেতা খলিল আল-হায়ারের ছেলে, তিন দেহরক্ষী ও কাতারের একজন নিরাপত্তাকর্মী নিহত হন। এই হামলা গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া প্রস্তাব নিয়ে আলোচনার প্রেক্ষিতে সংঘটিত হয়।
জাপান পরিস্থিতির ওপর ঘনিষ্ঠ নজর রাখছে এবং মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছে। এছাড়া জাপান সরকার ওই অঞ্চলে তার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব ব্যবস্থা গ্রহণ করছে এবং পরিস্থিতির অবনতি রোধে প্রয়োজনীয় সব কূটনৈতিক প্রচেষ্টা চালাতে বদ্ধপরিকর।
স্বদেশ প্রতিদিন/ আরএফ