প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৪৪ AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের আগের রাতে আচরণবিধি লঙ্ঘন করে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন কার্যালয়ে প্রবেশ করেছেন বিএনপিপন্থি অ্যাক্টিভিস্ট মারুফ মল্লিক ও ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি।
বুধবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ ঘটনা ঘটে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন এবং কমিশন কার্যালয়ে গিয়ে প্রতিবাদ জানান।
ভিডিওতে দেখা যায়, ওই সময় কক্ষে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ আব্দুর রব এবং বিএনপিপন্থি শিক্ষক অধ্যাপক বোরহান উদ্দিন। উপস্থিত কয়েকজন প্রার্থী তাৎক্ষণিকভাবে এই ঘটনায় আপত্তি জানান। এক প্রার্থী প্রশ্ন করেন, “এরা এখানে কী করছেন? ভোট কি রাতে হচ্ছে নাকি?” জবাবে অধ্যাপক সোহেল আহমেদ বলেন, “আমি তো জানি না।” এরপর বহিরাগত দুজন উপ-উপাচার্যের সঙ্গে কক্ষ ত্যাগ করেন।
নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার জানিয়েছেন, লিখিত অভিযোগ পাওয়া গেলে বিষয়টি অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৯ সেপ্টেম্বর নির্দেশনা জারি করে জানিয়েছিল, ১০ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত ক্যাম্পাসে কোনো বহিরাগত, সাবেক শিক্ষার্থী বা অতিথি অবস্থান করতে পারবেন না।
সেই রাতেই অভিযোগ উঠেছে, ছাত্রদলের দুই নেতা জহির উদ্দিন মুহাম্মদ বাবর ও মশিউর রহমান রোজেনও আচরণবিধি লঙ্ঘন করে কমিশন কার্যালয়ে প্রবেশ করেন। অভিযোগ রয়েছে, তাদের ছবি তুলতে গেলে দৈনিক যায়যায়দিনের সাংবাদিক মোবাইল ফোন কেড়ে নিয়ে ছবি মুছে দেওয়া হয়। জাকসু নির্বাচন বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। ২৫ পদে ১৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ