প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২৩ পিএম আপডেট: ১০.০৯.২০২৫ ১০:২৮ PM

আহত ছাত্রলীগ কর্মী রাহাত হোসেন। ছবি : সংগৃহীত
সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীর হাত-পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আহতের পরিবার এ ঘটনায় ইসলামী ছাত্রশিবিরকে দায়ী করলেও সংগঠনটি অভিযোগ অস্বীকার করেছে।
গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নগরের লাক্কাতুরা এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ওসি সৈয়দ আনিসুর রহমান।
আহত রাহাত হোসেন (২৪) নগরের বনকলাপাড়া এলাকার ফারুক হোসেনের ছেলে। তিনি বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
রাহাতের বাবা ফারুক হোসেন বলেন, এক বন্ধুর বাবার মৃত্যুর খবর শুনে সেখানে গিয়েছিল রাহাত। ফেরার পথে হেলমেটধারী কয়েকজন তাকে এলোপাতাড়ি কুপিয়ে হাত-পায়ের রগ কেটে দেয়। বাম হাতের দুটি আঙুলও আলাদা হয়ে গেছে।
তিনি দাবি করেন, রাহাত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং পূর্বে জামায়াত-শিবিরের সঙ্গে বিরোধ ছিল। পূর্বশত্রুতার জেরে তারা এ হামলা চালিয়েছে।
এদিকে, ওসি সৈয়দ আনিসুর রহমান জানান, অজ্ঞাতপরিচয় একদল ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে রাহাতকে কুপিয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তবে অভিযোগ অস্বীকার করে ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরের সভাপতি শাহীন আহমদ বলেন, আমাদের কোনো সদস্য এ ঘটনায় জড়িত নয়। শিবির কখনো এ ধরনের ঘটনা করে না। আমাদের ওপর মিথ্যা অভিযোগ চাপানো হচ্ছে।