প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৫৫ পিএম

সংগৃহীত ছবি
কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (কেসিসিআই) আমন্ত্রণে কুয়েতে সফরে যাচ্ছেন বাংলাদেশের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল। সফরের সময় কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করবে কুয়েতের বাংলাদেশ দূতাবাস।
সভাটি অনুষ্ঠিত হবে আগামী ১৭ সেপ্টেম্বর বিকেলে দূতাবাসের মাল্টিপারপাস হলরুমে।
প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা যারা এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করতে চান, তারা তাদের নাম, সিভিল আইডি নম্বর এবং প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে ইমেইল ([email protected]) মাধ্যমে নিবন্ধন করার জন্য অনুরোধ করা হয়েছে।
এই তথ্যটি বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন এই বিষয়ে বলেন, বৈঠকের মাধ্যমে কুয়েতের বাজারে বাংলাদেশের বিভিন্ন পণ্যের সম্প্রসারণ, কুয়েতে অবস্থানরত বিভিন্ন দেশের ব্যবসায়ীদের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়ীদের সম্পর্ক আরও দৃঢ় করা এবং বাংলাদেশের পণ্যের অগ্রাধিকার নিশ্চিত করা সম্ভব হবে। তবে এটি যেন শুধু আনুষ্ঠানিক কমিটি বা দাওয়াতের আয়োজন হয়ে না যায়, যারা পণ্য নির্ভর ব্যবসায় পরিচালনা করেন এবং দেশের উপকারে আসবেন, তাদের প্রাধান্য দেওয়া উচিত।