প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৩৯ AM আপডেট: ১০.০৯.২০২৫ ৯:১৩ এএম

ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে বিপুল ব্যবধানে জয় পেয়েছেন শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী আবু সাদিক কায়েম। তবে তাকে এখনও আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়নি।
বুধবার (১০ সেপ্টেম্বর) ঘোষিত সব কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, সাদিক কায়েম পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৬৫৮ ভোট। তৃতীয় স্থানে থাকা স্বতন্ত্র জোটের প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ২ হাজার ৫৪৯ ভোট। স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন ২ হাজার ৩৮৫ ভোট। বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের আব্দুল কাদের পেয়েছেন ৬৬৮ ভোট এবং প্রতিরোধ পর্ষদের শেখ তাসনিম আফরোজ ইমি পেয়েছেন মাত্র ১১ ভোট।
তবে ফলাফল প্রত্যাখ্যান করেছেন আবিদুল ইসলাম খান ও উমামা ফাতেমা। আব্দুল কাদেরও নির্বাচনের কড়া সমালোচনা করে কারচুপির অভিযোগ তুলেছেন।
বিজয়ী সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং বর্তমানে সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক। নির্বাচনের সময় তিনি ছাত্রদলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তোলার পাশাপাশি প্রশাসনের বিরুদ্ধেও অনৈতিক সুবিধা দেয়ার অভিযোগ করেছিলেন।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ফলাফল ঘোষণা শুরু হয়। জগন্নাথ হল ছাড়া সব কটি হলে বড় ব্যবধানে জয় পান সাদিক কায়েম। ওই হলে তিনি পান মাত্র ১০টি ভোট, যেখানে আবিদুল ইসলাম খান পান ১ হাজার ২৭৬ ভোট।
এবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রের ৮১০টি বুথে ভোটগ্রহণ চলে। মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পাঁচ ছাত্রী হলে ভোটার সংখ্যা ১৮ হাজার ৯৫৯ এবং ১৩ ছাত্র হলে ভোটার সংখ্যা ২০ হাজার ৯১৫ জন।
ডাকসুর ২৮টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭১ জন প্রার্থী। এছাড়া ১৮টি হল সংসদের ২৩৪টি পদের জন্য লড়েছেন আরও ১ হাজার ৩৫ জন। সব মিলিয়ে একজন শিক্ষার্থীকে ভোট দিতে হয়েছে মোট ৪১টি পদের জন্য।
স্বদেশ প্রতিদিন/এনআর