প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ১:২০ পিএম আপডেট: ০৯.০৯.২০২৫ ২:০৬ PM

ফাইল ছবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে ‘সম্প্রীতির ঐক্য প্যানেল’-এর প্রার্থী অমর্ত্য রায় জনের প্রার্থিতা বাতিলের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে অমর্ত্যের পক্ষে ছিলেন আইনজীবী মানজুর আল মতিন। বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী শিশির মনির। আদেশের পর শিশির মনির সাংবাদিকদের জানান, এ রায়ের বিরুদ্ধে শিগগিরই আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করা হবে।
এর আগে গত ৬ সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিল করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রত্নতত্ত্ব বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং আ ফ ম কামালউদ্দিন হলের আবাসিক অমর্ত্য রায় জন নিয়মিত শিক্ষার্থী নন। জাকসু সংবিধানের ৪ ও ৮ ধারা অনুযায়ী অনিয়মিত শিক্ষার্থীরা ভোটার বা প্রার্থী হতে পারেন না।
তবে এর আগে প্রকাশিত ১৭ আগস্টের চূড়ান্ত ভোটার তালিকা, ২৫ আগস্টের খসড়া প্রার্থী তালিকা এবং ২৯ আগস্টের চূড়ান্ত প্রার্থী তালিকায় অমর্ত্যর নাম অন্তর্ভুক্ত ছিল।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম জানান, অমর্ত্য মাস্টার্স প্রোগ্রামে ভর্তি আবেদন করলেও স্নাতক ডিগ্রি শেষ করতে পারেননি। একাডেমিক কাউন্সিল তাকে বিশেষ বিবেচনায় পরীক্ষার অনুমতি দিয়েছে, যা অনিয়মিত হিসেবে গণ্য হয়। সেই কারণেই তার প্রার্থিতা বাতিল করা হয়।
অমর্ত্য রায় জন বলেন, “আমি বিষয়টি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় সমাধানের চেষ্টা করছি। আশা করি প্যানেলের সদস্যদের সঙ্গে আলোচনা করে সঠিক পথ বের করতে পারব।”
উল্লেখ্য, আগামী ১১ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
স্বদেশ প্রতিদিন/এনআর