প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২২ পিএম

সকাল থেকেই শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচন ঘিরে পুরো ক্যাম্পাসে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা। বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছে। যাচাই-বাছাই ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শাহবাগ মোড়ে গিয়ে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে ব্যারিকেড বসানো হয়েছে। ভেতরে রয়েছে পুলিশ সদস্যরা। ব্যারিকেডের বাইরে শিক্ষার্থীদের পরিচয়পত্র যাচাই করে ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের অন্য প্রবেশপথগুলোতেও একই ধরনের ব্যবস্থা দেখা গেছে।
বিশ্ববিদ্যালয়ের বিপরীত পাশে, থানার সামনেও রয়েছে বাড়তি সতর্কতা। সেখানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং র্যাব সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
ডাকসু ও হল সংসদ নির্বাচনের নিরাপত্তায় মোতায়েন রয়েছেন ২ হাজার ৯৬ জন পুলিশ সদস্য। সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় টিএসসিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার সাজ্জাদ আলী।
তিনি বলেন, ‘নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ডগ স্কোয়াড, সোয়াট টিম, বিশেষায়িত ইউনিট এবং সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ মাঠে রয়েছে। গত এক সপ্তাহ ধরে নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে নজরদারি চালানো হচ্ছে।’
ডিএমপি কমিশনার আরও জানান, নির্বাচন উপলক্ষে সোমবার রাত ৮টা থেকে ১১ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত রাজধানীতে লাইসেন্সধারী ব্যক্তিদের অস্ত্র বহনেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমএম