
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত আটটি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ। দিনব্যাপী এই ভোটযুদ্ধে অংশ নিচ্ছেন প্রায় ৪৭১ জন প্রার্থী।
জানা গেছে, নির্বাচনে আলোচিত বেশ কয়েকজন প্রার্থী ভোট দেবেন উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। সেখানে ভোট দেবেন ছাত্রশিবির সমর্থিত ভিপি পদপ্রার্থী আবু সাদিক কায়েম, জিএস প্রার্থী এস এম ফরহাদ এবং এজিএস প্রার্থী মুহা. মহিউদ্দিন খান। একই কেন্দ্রে ভোট দেবেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান ও জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম। এ ছাড়া স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের জিএস প্রার্থী আল সাদী ভূঁইয়াও এই কেন্দ্রে ভোট দেবেন।
সিনেট ভবন কেন্দ্রে ভোট দেবেন ভিপি পদপ্রার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুল কাদের এবং ছাত্রদলের প্যানেলের এজিএস প্রার্থী তানভীর আল হাদি মায়েদ।
বামপন্থি ছাত্র সংগঠনগুলোর ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি ভোট দেবেন ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। অন্যদিকে, বামজোটের জিএস প্রার্থী মেঘমল্লার বসু এবং এজিএস প্রার্থী জাবির আহমেদ জুবেল ভোট দেবেন শারীরিক শিক্ষা কেন্দ্র ভোটকেন্দ্রে। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি প্রার্থী উমামা ফাতেমা ভোট দেবেন ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রে।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ১৮ হাজার ৯০২ জন। ৮টি কেন্দ্রে মোট ৮১০টি বুথে প্রতিটি ভোটার ডাকসু ও হল সংসদের ৪১টি পদে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছেন।
ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন তাৎক্ষণিকভাবে গণনা শুরু করবে এবং দ্রুত ফলাফল ঘোষণা করবে বলে জানিয়েছে। গড়ে একজন ভোটার ১০ মিনিটে ভোটদান সম্পন্ন করতে পারছেন বলে কমিশনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে।
এবারের নির্বাচনে ১০টি প্যানেল ও বহু স্বতন্ত্র প্রার্থী থাকলেও মূল আলোচনায় রয়েছে তিনটি প্যানেল- ছাত্রদল, ছাত্রশিবির এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)। এসব প্যানেলের প্রার্থীরা মাঠে বেশ সক্রিয় এবং শিক্ষার্থীদের আলোচনায়ও এগিয়ে।
তবে এদের বাইরে আলোচনা হচ্ছে উমামা ফাতেমা ও বামজোট সমর্থিত প্যানেল নিয়ে। এছাড়া কিছু স্বতন্ত্র প্রার্থীর নামও উঠে এসেছে আলোচনায়। তাদের মধ্যে ভিপি পদে শামীম হোসেন, জিএস পদে আরাফাত চৌধুরী এবং এজিএস পদে তাহমীদ আল মুদাসসীর চৌধুরীর নাম শিক্ষার্থীদের মুখে মুখে ঘুরছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং প্রযুক্তিনির্ভর নির্বাচন আয়োজনের লক্ষ্যে তারা সব প্রস্তুতি সম্পন্ন করেছে। আশা করা হচ্ছে, দিন শেষে শিক্ষার্থীরা পছন্দের নেতৃত্ব বেছে নিতে পারবে একটি নিরাপদ ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে।
স্বদেশ প্রতিদিন/এমএম