প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১৯ পিএম

চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ৭ দিনে দেশে এসেছে ৭৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। গড়ে প্রতিদিন প্রায় ১১ কোটি ০১ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।
সোমবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৫৮ কোটি ৫০ লাখ ডলার। ফলে বছর ব্যবধানে প্রবাহ বেড়েছে ৩১ দশমিক ৯০ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধুমাত্র ৭ সেপ্টেম্বর একদিনেই দেশে এসেছে ২৫ কোটি ৫০ লাখ ডলার। চলতি অর্থবছরের শুরু থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশে এসেছে ৫৬৭ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স, যা গত বছরের তুলনায় ২০ দশমিক ১০ শতাংশ বেশি।
এর আগে গত আগস্টে প্রবাসীরা দেশে পাঠান ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাই মাসে আসে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।
উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছর শেষে দেশে প্রবাসীরা পাঠিয়েছিলেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার, যা বাংলাদেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহের রেকর্ড।
স্বদেশ প্রতিদিন/ আরএফ