প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২০ পিএম

সংগৃহীত ছবি
প্রধান উপদেষ্টা যে সময় নির্বাচন ঘোষণার কথা বলেছেন, সেই সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট হবে। যত ষড়যন্ত্র বা বাধাই আসুক না কেন, এই নির্বাচন কেউ ঠেকাতে পারবে না বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমান।
আজ সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে কেরানীগঞ্জের রোহিতপুরে সোনাকান্দা উচ্চবিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আমান উল্লাহ আমান বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গত ১৭ বছরে কোনো কাজ করেনি, শুধু নাম পাল্টেছে। এ সময়ে মানুষ ভোট দিতে পারেনি, মন খুলে কথা বলতে পারেনি। উন্নয়নের নামে তারা লুটপাট চালিয়েছে। বাংলাদেশের মানুষ জানে, উন্নয়ন মানে জিয়াউর রহমান, উন্নয়ন মানে খালেদা জিয়া।
তিনি আরো বলেন, দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন। দেশ তাকে বরণ করে নিতে প্রস্তুত।
সোনাকান্দা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জুলহাস গাজীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।
এছাড়াও, সমাবেশে আরো বক্তব্য দেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামিম হাসান, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রুহুল আমিন, রোহিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক আবু বক্কর প্রমুখ।