প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১৩ পিএম

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায় এক নারী, মোসাঃ সুমি আক্তার, তার পৈত্রিক সম্পত্তি ভূমিদস্যুদের হাত থেকে ফিরিয়ে পেতে এবং মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন।
সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা ১২টায় মির্জাগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি জানান, তার মাতা মোসাঃ খাদিজা বেগম ৫.৭৫ শতাংশ জমির মালিক ছিলেন, যা দেউলী মৌজার ৬৬৭ নং খতিয়ানের ১৬৪২ নম্বর দাগে উল্লেখিত এবং প্রমাণাদি যাচাইকৃত।
সুমি আক্তার অভিযোগ করেন, স্থানীয় আওয়ামী সমর্থক এবং সন্ত্রাসপুষ্ট নেতা শাহ আলম গাজী তার পরিবারের সম্পত্তি দখলের জন্য ২০০৯ সালে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে ভয়ভীতি প্রদর্শন করে জমি দখল করে। তার অন্যান্য আত্মীয়দের উপরও প্রভাব বিস্তার করা হয়, কিন্তু কাঞ্চন চৌকিদার প্রতিবাদ করায় তার প্রতি ক্ষোভ ও জমির প্রতি লোভ তৈরি হয়।
তিনি আরও বলেন, বিগত ১৭ বছরে শাহ আলম গাজী ও তার আশ্রয়দাতারা অবৈধভাবে অর্জিত সম্পত্তি ব্যবহার করে স্থানীয় প্রশাসন ম্যানেজ করেছে এবং তার পরিবার ও অন্যান্য জাতীয়তাবাদী নেতাদের উপর ভয়ভীতি প্রদর্শন করছে। চলতি বছরের জুলাই মাসে তার পরিবারের জমিতে ঘর তোলার চেষ্টা করার সময় শাহ আলম গাজী ও তার অনুসারীরা হামলা চালিয়ে ঘর ভাঙচুর করে।
ঘটনার পর মির্জাগঞ্জ থানায় তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়, যার ফলে পরিবারটি মানবেতর জীবনযাপন করছে। সুমি আক্তার বলেন, অভিযুক্ত ভূমিদস্যু তার অবৈধ অর্থ ও প্রভাব ব্যবহার করে স্থানীয় শান্তিপ্রিয় জনগণকে হয়রানি করছে এবং তাদের জমি দখল করে মৎস্য চাষসহ বিভিন্ন কাজে ব্যবহার করছে।
সংবাদ সম্মেলনে তিনি সরকারের প্রতি জোর দাবি জানান, যাতে স্থানীয় প্রশাসনের মাধ্যমে শাহ আলম গাজী ও তার গোষ্ঠীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। তিনি আশা করেন, এর ফলে তার পরিবার মিথ্যা মামলা ও ভয়ভীতি থেকে মুক্তি পাবে এবং পৈত্রিক সম্পত্তি ভূমিদস্যুদের হাত থেকে পুনরুদ্ধার করা সম্ভব হবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ