প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১১ AM আপডেট: ০৮.০৯.২০২৫ ২:১৬ PM

ভারতের উত্তরাখণ্ড রাজ্যে ভুয়া ধর্মগুরুদের বিরুদ্ধে ‘অপারেশন কালনেমি’ নামে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। এ অভিযানে এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে দাবি করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার (৮ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, অভিযানে ধরা পড়া এসব ভুয়া ‘বাবা’ সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে প্রতারণা ও ধর্মান্তকরণের মতো কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এই অভিযান শুরু হয় চলতি বছরের জুলাই মাসে, যা এখনো চলমান রয়েছে।
উত্তরাখণ্ড পুলিশের অপরাধ ও আইনশৃঙ্খলা শাখার আইজি নিলেশ আনন্দ ভরনে রোববার এক সংবাদ সম্মেলনে জানান, এ পর্যন্ত ৫ হাজার ৫০০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ১৮২ জনের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আইজির ভাষ্য অনুযায়ী, শুধু হরিদ্বারেই ২ হাজার ৭০৪ জনকে যাচাই করে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। দেরাদুনে ৯২২ জনকে যাচাই করে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া টেহরি, পাউরি, আলমোড়া, নৈনিতালসহ রাজ্যের অন্যান্য জেলাতেও এই অভিযান অব্যাহত রয়েছে।
আইজি আরও বলেন, অভিযানের মূল উদ্দেশ্য ‘দেবভূমি’ হিসেবে পরিচিত উত্তরাখণ্ডের পবিত্র ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখা। ধর্মীয় পর্যটনের কেন্দ্র হিসেবে পরিচিত এই রাজ্যে প্রতারণা ও ভুয়া পরিচয়ে থাকা ব্যক্তিরা যাতে জনগণকে বিভ্রান্ত করতে না পারে, সেটিই এই অভিযানের লক্ষ্য।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের একজন বাংলাদেশি নাগরিক যিনি ‘অমিত কুমার’ নামে ভুয়া কাগজপত্রে দীর্ঘ আট বছর ধরে সেলাকুই এলাকায় ‘বাঙালি ডাক্তার’ পরিচয়ে বসবাস করছিলেন। এছাড়া জম্মু-কাশ্মিরের অনন্তনাগের বাসিন্দা ইফরাজ আহমেদ লোলু নিজের ধর্মীয় পরিচয় গোপন রেখে ‘রাজ আহুজা’ নামে দিল্লির ধনী ব্যক্তি সেজে নারীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলছিলেন- তাকেও গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, এই অভিযানের আওতায় এর আগে আগস্ট মাসেও ৪ হাজার মানুষকে জিজ্ঞাসাবাদ করে ৩০০ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। পুলিশের দাবি, ‘অপারেশন কালনেমি’ ইতোমধ্যে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে এবং সাধারণ মানুষ এই অভিযানে সহযোগিতা করছে।
স্বদেশ প্রতিদিন/এমএম