প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১৯ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনার পর বিতর্কিত মন্তব্যের জের ধরে প্রতিষ্ঠানটির সেকশন কর্মকর্তা সিরাজুল ইসলামের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। নোটিশে তিন দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
নোটিশটি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত। এটি সিরাজুলের সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত বক্তব্যের ভিত্তিতে জারি করা হয়েছে।
ঘটনা প্রসঙ্গে জানা গেছে, ৪ সেপ্টেম্বর আয়োজিত এক মতবিনিময় সভায় সিরাজুল ইসলাম বলেছেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের পৈতৃক সম্পতির ওপর প্রতিষ্ঠিত, আমরা চবি ও পার্শ্ববর্তী এলাকার মালিক। আমরা জমিদার, জমিদারের ওপর কেউ হস্তক্ষেপ করবে—এটা আমরা মেনে নেব না।” এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
সিরাজুলের এই বক্তব্যের ফলে শিক্ষার্থীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর তার ব্যক্তিগত নথি শাখার কর্মকর্তা হিসেবে এই বিতর্কিত বক্তব্যের বিষয়ে লিখিত ব্যাখ্যা চাচ্ছে।
উল্লেখ্য, ৩০ আগস্ট মধ্যরাত থেকে পরের দিন বিকেল পর্যন্ত চবি শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে দুই শতাধিক শিক্ষার্থী আহত হন। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়ের করা মামলায় পুলিশ ৯ জনকে গ্রেপ্তার করেছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ