প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ১:১৫ AM

পটুয়াখালীর বাউফল উপজেলার একটি দুর্গম চর থেকে হাত-পা ও মাথাবিহীন এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার নদীবেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর ব্যারেট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, নিহত শিশুটির বয়স আনুমানিক ৭ থেকে ৮ বছর। মরদেহের পাশে একটি নীল রঙের প্যান্ট পাওয়া গেছে।
কালাইয়া নৌফাঁড়ির উপপরিদর্শক সাইফুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। দুর্গম এলাকায় পড়ে থাকা মরদেহটি প্রাথমিকভাবে শনাক্ত করা কঠিন হলেও সুরতহাল রিপোর্টের মাধ্যমে এটি যে একটি শিশুর মরদেহ, তা নিশ্চিত হওয়া যায়।
মরদেহটি কীভাবে সেখানে এলো, তা এখনও জানা যায়নি। এ বিষয়ে আশপাশের সব থানায় বার্তা পাঠানো হয়েছে।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্বদেশ প্রতিদিন/এমএম