প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৪:৪৮ পিএম

চট্টগ্রামের মীরসরাইয়ে অবৈধভাবে বালু পরিবহন ও পাচারের সময় আনুমানিক ১৫০ ঘনফুট বালুবোঝাই একটি ডাম্পার ট্রাক জব্দ করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত আনুমানিক ১টার দিকে করেরহাট রেঞ্জের হেয়াকো বিট অফিসসংলগ্ন প্রধান সড়কে অভিযান চালিয়ে ট্রাকটি জব্দ করা হয়। জব্দ করা ট্রাকটির নম্বর ফেনী-ড ১১-০৯১৭।
বন বিভাগ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। জব্দ করা বালুবোঝাই ট্রাকটি স্থানীয় ব্যবস্থাপনায় হেয়াকো বিট কার্যালয়ে হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় বন মামলা রুজুর কার্যক্রম চলমান রয়েছে। করেরহাটের সহকারী বন সংরক্ষক মো. রেজাউল মৃধা ও সহকারী বন সংরক্ষক এবং করেরহাট রেঞ্জ কর্মকর্তা মো. মারুফ হোসেনের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। এতে হেয়াকো বিট কর্মকর্তা জাহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট বিটের টহল দলের সদস্যরা অংশ নেন।
অভিযানে সংশ্লিষ্ট বন বিভাগের কর্মকর্তাদের ভূমিকার প্রশংসা করেছেন চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা। একই সঙ্গে অবৈধ বালু পরিবহন ও পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছেন তিনি।
স্বদেশ প্রতিদিন/এস পি