প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১৯ AM

সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্র যে কোনো সময় ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুয়ের্তো রিকোর বিমান ঘাঁটিতে এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েনের নির্দেশ দিয়েছেন, যা ভেনেজুয়েলায় সম্ভাব্য মার্কিন হামলার শঙ্কা বাড়িয়েছে।
স্থানীয় সময় শুক্রবার (৫ সেপ্টেম্বর) একাধিক মার্কিন সংবাদমাধ্যম জানায়, ভেনেজুয়েলায় সংঘবদ্ধ মাদক চক্রের কার্যক্রমকে লক্ষ্য করে এ হামলা চালানো হতে পারে।
মার্কিন সরকারের একটি সূত্র বলেছে, পুয়ের্তো রিকোর বিমানঘাঁটিতে অন্তত ১০টি যুদ্ধবিমান পাঠানো হচ্ছে, যা মাদক চক্রের ওপর প্রয়োগ করা হবে। যুক্তরাষ্ট্র এসব চক্রকে ‘মাদ্রক-জঙ্গি’ হিসেবে চিহ্নিত করেছে।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এই হামলার প্রস্তুতি নিয়ে অভিযোগ করেছেন যে, মার্কিনিরা জোরপূর্বক তার সরকারকে উৎখাতের পরিকল্পনা করছে।
তিনি বলেন, ভেনেজুয়েলায় সহিংস সরকার পরিবর্তনের যে কোনো প্রচেষ্টা বাতিল করার আহ্বান জানাচ্ছি। যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব, শান্তি ও স্বাধীনতার প্রতি সম্মান দেখাতে হবে।
মাদুরো আরও বলেন, আমি ট্রাম্পকে শ্রদ্ধা করি। আমাদের মধ্যে এমন কোনো মতপার্থক্য নেই যা সামরিক সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। ভেনেজুয়েলা সবসময় সংলাপ ও আলোচনায় বিশ্বাসী।
এদিকে, ট্রাম্প জানিয়েছেন, তারা ভেনেজুয়েলার সরকার পরিবর্তনের কথা বলেননি। তবে তিনি দেশটির বিতর্কিত নির্বাচনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। গত জানুয়ারির বিতর্কিত নির্বাচনে মাদুরো পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, যদিও পশ্চিমা দেশগুলো এই নির্বাচনের বৈধতা স্বীকার করেনি।
সূত্র: আলজাজিরা