প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৪৬ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পশ্চিম ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চরলাপাং বাজার প্রাঙ্গণে এই দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় নবীনগর পশ্চিম ইউনিয়ন কৃষকদলের আহবায়ক সৈয়দ হোসেন মেম্বারের সভাপতিত্বে দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষকদলের সহ সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী কে.এম মামুন অর রশিদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘বিগত ১৭ বছরে আ.লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে আ.লীগের দুসররা চরলাপাং এলাকায় অবৈধ ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলন করেছে। এতে চরলাপাং গ্রামসহ আশেপাশের গ্রাম গুলো ভেঙ্গে নদীতে বিলীন হচ্ছে। বিএনপি যদি আগামী নির্বাচনে ক্ষমতায় আসতে পারে তাহলে বালু দস্যুদের বিচারের আওতায় আনা হবে।’
তিনি আরও বলেন, ‘এই সম্মেলনে একটি কমিটি গঠন করা হবে। এই কমিটির মাধ্যমে আপনারা সজাগ থাকতে হবে, আগামী নির্বাচনে যেন আপনারা দিনের ভোট দিনে দিতে পারেন। আর যেন দিনের ভোট রাতে দিতে না পারে। আগামী ফেব্রুয়ারিতে অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচন ঘোষণা দিয়েছেন, সেই নির্বাচন নিয়ে জামায়াত ও এনসিপিকে পূজি করে দেশি-বিদেশি চক্রান্ত চলছে। আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই, যে নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে।’
নবীনগর পশ্চিম ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব মামুন সরকারের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক দলের ক্ষুদ্র ও কুটি শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-নাঈম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষকদলের সদস্য সচিব মো. জিল্লুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের সদস্য মো. কামাল হোসেন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুল, পৌর কৃষকদলের আহবায়ক মো. আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, নবীনগর পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক লিটন মেম্বার সহ স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/এমএম