প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ২:৪১ পিএম আপডেট: ০৫.০৯.২০২৫ ৩:২৪ PM

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশের প্রতিবাদে ভাঙ্গার পুকুরিয়া ও সুয়াদিতে মহাসড়কের ওপর গাছ ফেলে অবরোধ করেছে স্থানীয়রা। উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে তিন দিনের আল্টিমেটাম দিয়ে চার ঘণ্টা পর সড়ক অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাসিন্দারা।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে এ অবরোধ শুরু হয়। এতে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে ফরিদপুর-৪ আসনের অন্তর্ভুক্ত ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদি ইউনিয়নকে কেটে নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-২ আসনের অন্তর্ভুক্ত করা হয়। তবে ইসির এ সিদ্ধান্তের প্রতিবাদে ওই তালিকা প্রকাশের পর থেকেই ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘোষণা অনুযায়ী সকাল থেকে পুকুরিয়া, সোয়াদি ও মনসুরাবাদে মহাসড়কে গাছ ফেলে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকেন হাজারও মানুষ। তারা ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন কেটে নেওয়ার পরিবর্তে ভাঙ্গা নিয়ে গঠিত ফরিদপুর-৫ আসন পুনঃপ্রবর্তনের দাবি জানান।
এদিকে অবরোধকারীরা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ভাঙ্গা উপজেলাকে বিভক্ত করার সিদ্ধান্ত তারা মেনে নেবেন না এবং প্রয়োজন হলে দীর্ঘ সময় সড়ক অবরোধ করে রাখবেন।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, ‘ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের ফরিদপুর থেকে ভাঙ্গা ইন্টারচেঞ্জ পর্যন্ত মহাসড়কের দুটি পয়েন্ট পুকুরিয়া বাসস্ট্যান্ডে ও হামিরদি বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করছেন স্থানীয়রা। এছাড়াও ঢাকা মাওয়া-ভাঙ্গা-খুলনা মহাসড়কের ভাঙ্গা ইন্টারচেঞ্জ থেকে গোপালগঞ্জ মহাসড়কের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড অবরোধ করে বিক্ষোভ মিছিল করছেন গ্রামবাসীরা। এতে প্রায় ৩ ঘণ্টা ধরে মহাসড়কের সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।’
তিনি আরও বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে আন্দোলনকারীরা চার ঘণ্টা পর সড়ক অবরোধ প্রত্যাহার করেন। এতে যানচলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।
প্রসঙ্গত, নির্বাচন কমিশনের বৃহস্পতিবারের (৪ সেপ্টেম্বর) প্রকাশিত গেজেটে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিদী ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসনের অন্তর্ভুক্ত করা হয়েছে। এ সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার রাত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়। সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে আজ সকালে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেছেন।
স্বদেশ প্রতিদিন/এমএম