প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ২:৩৫ পিএম

চালক ও স্টাফের হেনস্তার প্রতিবাদে বাস আটক করে পবিপ্রবি শিক্ষার্থীরা
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ও তিন শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ উঠেছে ইউনিক পরিবহনের একটি বাসের চালক ও কর্মীদের বিরুদ্ধে।
এর প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে শিক্ষার্থীরা পায়রা সেতু টোল প্লাজা থেকে বাস আটক করে ক্যাম্পাসে নিয়ে যান।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আসাদুজ্জামান মিয়াসহ কয়েকজন শিক্ষার্থী ওঠেন। বাসের চালক নুরুল ইসলাম বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। শিক্ষক ও শিক্ষার্থীরা ধীরে বাস চালানোর অনুরোধ জানালে চালক ও কর্মীরা গালি দেন এবং মারধরের চেষ্টা করেন।
অধ্যাপক আসাদুজ্জামান মিয়া বলেন, চালক ঝুঁকিপূর্ণ সড়কে বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। আপত্তি জানালে তিনি অশ্রাব্য ভাষায় গালি দেন এবং গায়ে হাত তুলতে তেড়ে আসেন। আমি ভাঙায় নেমে যাই।
শিক্ষার্থী আবদুল্লাহ মুহসীন তানজিম বলেন, ঢাকার সায়দাবাদ পৌঁছালে আমাদের তিন সহপাঠী নামার চেষ্টা করেন। তখন বাসের কর্মীরা বাধা দেন এবং মারধরের জন্য টিটিপাড়ায় নিয়ে যান। ঘটনার খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা পায়রা সেতু থেকে তিনটি বাস আটক করে। পরে দুটি বাস ছেড়ে দেওয়া হয়, একটি বাস ক্যাম্পাসে আনা হয়। এই ঘটনায় সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত বাস ছেড়ে দেওয়া হবে না।
ইউনিক পরিবহনের প্রধান কার্যালয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ ফোন ধরেননি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান বলেন, ইউনিক পরিবহনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আগামীকাল (আজ) তাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা আছে।