প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩২ AM

সংগৃহীত ছবি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের নাম পরিবর্তন করে ‘যুদ্ধ মন্ত্রণালয়’ করার পরিকল্পনা করেছেন।
আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) তার নির্বাহী আদেশে স্বাক্ষর করার পরিকল্পনা রয়েছে।
এই নামকরণ বাস্তবায়িত হলে প্রতিরক্ষামন্ত্রী, দপ্তর ও অধস্তন কর্মকর্তারা সরকারি চিঠিপত্র ও জনসাধারণের সঙ্গে যোগাযোগের সময় ‘যুদ্ধ মন্ত্রী’, ‘যুদ্ধ বিভাগ’ এবং ‘যুদ্ধ উপমন্ত্রী’-এর মতো উপাধি ব্যবহার করতে পারবেন।
হোয়াইট হাউস জানিয়েছে, নাম পরিবর্তনের জন্য আইন ও নির্বাহীগত কার্যক্রম বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হবে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে।
ট্রাম্পের এ ধরনের উদ্যোগ বিরল এবং এতে কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হবে। তবে রিপাবলিকান সহযোগীরা সংখ্যাগরিষ্ঠ হওয়ায় অনুমোদনে বড় বাধা নেই।
১৯৪৯ সালের আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে যুদ্ধ মন্ত্রণালয় বলা হতো। নাম পরিবর্তনের সময় পারমাণবিক যুদ্ধ ঠেকানোর কারণে ‘যুদ্ধ মন্ত্রণালয়’ থেকে ‘প্রতিরক্ষা মন্ত্রণালয়’ করা হয়েছিল।
নাম পরিবর্তনের ফলে বিশ্বব্যাপী সামরিক ঘাঁটিসহ অনেক খরচ বাড়বে। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে সামরিক ঘাঁটির নাম পরিবর্তনের উদ্যোগে প্রায় ৩ কোটি ৯০ লাখ ডলার ব্যয় হওয়ার কথা ছিল, যা ট্রাম্পের নির্দেশে বাতিল করা হয়েছে।