প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫১ পিএম

সংগৃহীত ছবি
ময়মনসিংহের নান্দাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) নান্দাইল উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসয় উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মীরা বাদ্যযন্ত্র সহকারে খন্ড খন্ড মিছিলে চন্ডীপাশা সরকারী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে মিলিত হয়।
পরে ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সদস্য এমডি মামুন বিন আব্দুল মান্নানের নেতৃত্বে এক বিশাল বর্ণাঢ্য র্যালী উপজেলার ঝালুয়া বাজার প্রদক্ষিণ শেষে নান্দাইল সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নান্দাইল আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এমডি মামুন বিন আব্দুল মান্নান তাঁর বক্তব্যে বলেন, 'শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন এবং এটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক দল। তাঁরই আদর্শে আমরা ঐক্যবদ্ধ হয়ে এদেশে সুশাসন, আইনের শাসন ও জনগণের অধিকার নিশ্চিত করবো।
তিনি আরও বলেন, 'বিএনপি গণমানুষের অধিকার আদায়ে জন্মলগ্ন থেকেই কাজ করে যাচ্ছে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিএনপি আজও সংগ্রাম চালিয়ে যাচ্ছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই দলের কার্যক্রম পরিচালিত হবে।'
গত ১৬ বছর ধরে দলটি স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ভূমিকা রেখেছে, যার কারণে বহু নেতা-কর্মীকে প্রাণ দিতে হয়েছে এবং কারাবরণ করতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। আর কোনো সৈরশাসক যেনো বাংলার মাটিকে কলুষিত করতে না পারে সেজন্য সকলকে ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে রুখে দেওয়ারও আহ্বান জানান তিনি।
এসময় আরো বক্তব্য রাখেন বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে পুনরায় মিছিলটি নান্দাইল সদরে এসে শেষ হয়।
স্বদেশ প্রতিদিন/শাহো