প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৫:০২ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদারীপুরের কালকিনিতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আনন্দ মিছিল ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন, গ্রাম ও মহল্লা থেকে নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুনসহ ছোট ছোট মিছিল নিয়ে কালকিনি ফাজিল মাদ্রাসা মাঠে জড়ো হতে থাকেন। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে কালকিনি উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। র্যালি শেষে পরিষদের মাঠে একটি জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মিজানুর রহমান বেপারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া একটি গণতান্ত্রিক দল। গত ১৭ বছর ধরে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার ফেরানোর জন্য আন্দোলন করে যাচ্ছে বিএনপি।’
তিনি আরও বলেন, ‘বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।’
এসময় আরও উপস্থিত ছিলেন- পৌর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুজ্জামান তোতা, সাবেক সদস্য সচিব নাসিরউদ্দিন ফকির লিটন, বিএনপি নেতা শহীদ খান, রুকুনুজ্জামান রতন মৃধা, সালাহউদ্দিন, শাহিন মৃধা, জুলাহাস প্রমুখ।
স্বদেশ প্রতিদিন/এমএম