প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৩৫ পিএম আপডেট: ০৪.০৯.২০২৫ ৩:৩৭ PM

ব্রাহ্মণবাড়িয়ার তালশহর স্টেশনের কাছে তিতাস কমিউটার ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটির ১৮১৪ নম্বর কোচের ২টি চাকা লাইনচ্যুত হয়। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. নাজমুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. নাজমুল হোসেন জানান, ট্রেনটি আশুগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আসার পথে তালশহর রেলস্টেশন এলাকায় চাকা দুটি লাইনচ্যুত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। ঢাকামুখী আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
তিনি আরও বলেন, ‘যেহেতু ডাউন লাইনে ট্রেনটি আটকে আছে সেখানে লোপ লাইনে ট্রেন চলাচল করতে পারবে। তবে দ্রুতই তিতাস ট্রেনটি লাইনচ্যুত বগিটিকে রেখে বাকি বগিগুলো নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেন চাকাদুটি লাইনচ্যুত হওয়ার সময় বিকট শব্দ হয়। এতে ট্রেনের যাত্রীরা আতঙ্কগ্রস্ত হয়ে পরেন। পরে যাত্রীরা তাড়াহুড়ো করে ট্রেন থেকে নেমে নিরাপদে আশ্রয় নেন। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্বদেশ প্রতিদিন/এমএম