প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৩২ পিএম

দুর্বৃত্তরা এলোপাতাড়িভাবে পাখি বেগমকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে পালিয়ে যায়
মাদারীপুরের কালকিনিতে এক প্রবাসীর স্ত্রীকে রাতের আধারে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার গভীর রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে পাখি বেগমের (২৮) লাশ উদ্ধার করে। নিহত পাখি বেগম উপজেলার এনায়েতনগর এলাকার উত্তর মাঝের কান্দি গ্রামের সৌদি প্রবাসী সোহাগ হাওলাদারের স্ত্রী।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, প্রবাসীর স্ত্রী পাখি বেগম রাতের খাবার খেয়ে ৪ বছরের শিশু সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে দুর্বৃত্তরা পাখি বেগমের বসত ঘরের চালের উপর ইটপাটকেল ছুড়ে মারে। এই ইটপাটকেলের শব্দে পাখি বেগম ঘুম ভেঙে দরজা খুলে বাহিরের দিকে তাকায়। এ সুযোগে কয়েকজন দুর্বৃত্তরা এলোপাতাড়িভাবে পাখি বেগমকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা ছুটে আসে এবং পুলিশকে খবর দেয়।
নিহতের শাশুড়ি নাজমা বেগম বলেন, “জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আমার পুত্রবধূকে খুন করা হয়েছে।”
কালকিনি থানার ওসি সোহেল রানা বলেন, “খবর পেয়ে আমরা পাখির বেগমের লাশ উদ্ধার করে আজ সকালে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করেছি।”