প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪৫ পিএম আপডেট: ০৪.০৯.২০২৫ ১২:৪৯ PM

সংগৃহীত ছবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হলের সহ-সভাপতি এ আর মিলন খানকে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদল আজীবনের জন্য বহিষ্কার করেছে। একই সাথে, তার বিরুদ্ধে মতিহার থানায় মামলা করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহি এ তথ্য নিশ্চিত করেছেন।
ঘটনা সূত্রপাত ঘটে, যখন ৯১ জন শিক্ষার্থীকে ‘বিনা পারিশ্রমিকের যৌনকর্মী’ আখ্যায়িত করা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক শুরু হয়। ছাত্রদল তদন্ত কমিটির মাধ্যমে এ অভিযোগ যাচাই করার পর মিলন খানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সন্তোষজনক কোনো জবাব দেননি।
শাখা ছাত্রদল জানিয়েছে, মিলন খানকে প্রাথমিক সদস্য পদসহ হল সহ-সভাপতির পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে এবং সকল নেতা-কর্মীদের তার সঙ্গে কোনো সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও তার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, রাবির ‘জুলাই ৩৬’ হলে নির্ধারিত সময়ের পরে প্রবেশ করায় ৯১ জন ছাত্রীকে তলব করেছিলেন হল প্রাধ্যক্ষ। নোটিসটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হলে তা প্রত্যাহার করে হল প্রশাসন। এই বিষয়ে ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদ’ নামে এক ফেসবুক গ্রুপে করা এক পোস্টের কমেন্টে ওই ৯১ জন ছাত্রীকে বিনা পারিশ্রমিক যৌনকর্মী বলে আখ্যায়িত করেছিলেন রাবি’র শাহ মাখদুম হল শাখা ছাত্রদলের সহ-সভাপতি আনিসুর রহমান মিলন। বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে ওই কমেন্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা।