প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৭ পিএম

সংগৃহীত ছবি
যুক্তরাজ্য সরকার ১৬ বছরের কম বয়সীদের কাছে উচ্চমাত্রার ক্যাফেইনযুক্ত অ্যানার্জি ড্রিংক বিক্রি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। রেড বুলের মতো জনপ্রিয় পানীয়ও এ নিয়মের আওতায় আসবে।
ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং বলেছেন, শিশুদের স্বাস্থ্য রক্ষায় দোকানগুলোকে এ ধরনের পানীয় বিক্রি থেকে বিরত রাখা হবে। আগামীর প্রজন্মকে স্বাস্থ্যবান ও সুখী হওয়ার ভিত্তি দিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, ১৩ থেকে ১৬ বছর বয়সী প্রতি তিন শিশুর একজন নিয়মিত অ্যানার্জি ড্রিংক পান করে। এই পানীয়গুলিতে প্রায়ই দুই কাপ কফির চেয়েও বেশি ক্যাফেইন থাকে। তবে কম ক্যাফেইনযুক্ত সফট ড্রিংক যেমন ডায়েট কোক, চা বা কফি নিষিদ্ধের আওতায় আসবে না।
নতুন আইন কার্যকর করতে ১২ সপ্তাহব্যাপী পরামর্শের আয়োজন করা হবে, যেখানে বিশেষজ্ঞ, অভিভাবক, খুচরা বিক্রেতা ও উৎপাদকদের মতামত নেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, অ্যানার্জি ড্রিংক শিশুদের ঘুম, মনোযোগ ও সামগ্রিক সুস্থতায় ক্ষতিকর প্রভাব ফেলছে। অতিরিক্ত চিনি দাঁতের ক্ষতি এবং স্থূলতার ঝুঁকি বাড়াচ্ছে।