প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৪৪ AM আপডেট: ০৪.০৯.২০২৫ ৫:৪৭ এএম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আনন্দ মিছিলে ধাক্কা লাগাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত থেমে থেমে এই সংঘর্ষ চলে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
ঘটনাটি ঘটে উপজেলার হাসপাতাল মোড় এলাকায়। সংঘর্ষে অংশ নেয় স্থানীয় সৈয়দটুলা ও উচালিয়াপাড়া গ্রামের শতাধিক মানুষ। ইট-পাটকেল নিক্ষেপ আর দেশীয় অস্ত্রের ব্যবহার পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপুর নেতৃত্বে একটি মিছিল বের করার প্রস্তুতি চলছিল। বিভিন্ন স্থান থেকে কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হচ্ছিলেন।
এ সময় উচালিয়াপাড়ার মোশাররফের সঙ্গে থাকা এক যুবকের ধাক্কা লাগে সৈয়দটুলার মুজাহিদের সঙ্গে। প্রথমে কথা কাটাকাটি, পরে হাতাহাতি শুরু হয়। মোশাররফ ঝগড়া থামাতে গেলে তাকেও আঘাত করা হয়। মুহূর্তেই পরিস্থিতি উত্তেজনায় রূপ নেয়। দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপে অন্তত ৩০ জন আহত হন। তাদের মধ্যে অনেককে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ