
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সাধারণ মানুষের বিশ্বাস ও আস্থা থাকার কারণে তারা বিএনপির সঙ্গে থেকে আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন। ২৪ সালের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে জনগণ ঝাঁপিয়ে পড়েছিল, কারণ তারা বিশ্বাস করতেন একমাত্র বিএনপিই নতুন বাংলাদেশ গড়ে স্বপ্ন পূরণ করতে পারে।
তিনি এসব কথা বলেন যশোর নগর ও সদর উপজেলা বিএনপির আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে, যা বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়।
অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, “বিগত ১৬ বছরে যেভাবে মানুষ নিজের ক্যারিয়ার, সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়েছেন, ঠিক তেমনি সকল প্রলোভনকে ত্যাগ করতে হবে। তাহলেই জনগণের স্বপ্নের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব হবে।”
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। সমাবেশের পরে অধ্যাপক নার্গিস বেগম ও অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে টাউন হল ময়দান থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি দড়াটানা মোড়, চৌরাস্তা মোড়, আরএন রোড হয়ে মনিহারে গিয়ে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ। পরিচালনা করেন নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম এবং সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান খান ও মারুফুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা তরফদার রয়েল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম, নগর ছাত্রদলের আহ্বায়ক সুমন আহমেদ, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন লিটন প্রমুখ।
র্যালিতে উল্লেখযোগ্য উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলু, অ্যাডভোকেট মো. ইসহক, জাফর সাদিক, আব্দুস সালাম আজাদ, অ্যাডভোকেট হাজী আনিছুর রহমান মুকুল, সিরাজুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু ও সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন প্রমুখ।