প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১০ AM

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বেইজিংয়ের তিয়ানআনমেন স্কোয়ারে অনুষ্ঠিত বিশাল সামরিক কুচকাওয়াজে তিন নেতার উপস্থিতি প্রমাণ করে তারা আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত।
শি জিনপিংকে উদ্দেশ করে ট্রাম্প আরও লেখেন, “আপনারা যেহেতু যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, ভ্লাদিমির পুতিন ও কিম জং উনকে আমার উষ্ণ শুভেচ্ছা জানাবেন।”
তবে ট্রাম্পের অভিযোগ নাকচ করেছে রাশিয়া। ক্রেমলিনের পররাষ্ট্রনীতি-বিষয়ক সহকারী ইউরি উশাকভ বলেছেন, “কেউ ষড়যন্ত্র করেনি, কেউ কোনও ষড়যন্ত্র করছে না। শি, পুতিন বা কিম—তিন নেতার কারওই এমন চিন্তাভাবনা ছিল না।”
প্রসঙ্গত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০ বছর পূর্তি উপলক্ষে এই কুচকাওয়াজের আয়োজন করেন প্রেসিডেন্ট শি জিনপিং। অনুষ্ঠানে চীনের নতুন অত্যাধুনিক অস্ত্র প্রদর্শন করা হয়—যার মধ্যে ছিল প্রতিপক্ষের বিদ্যুৎ ব্যবস্থা বিকল করতে সক্ষম লেজার, ডি৫-৫সি ক্ষেপণাস্ত্র, মানববিহীন যুদ্ধ ব্যবস্থা, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং সনাক্তকরণ এড়াতে সক্ষম সাবমেরিন।
শি জিনপিং কুচকাওয়াজ উদ্বোধন করে বলেন, বিশ্ব এখনও ‘শান্তি অথবা যুদ্ধের বিকল্পের মুখোমুখি’। পরে তিনি যোগ করেন, চীন এখন এক ‘অপ্রতিরোধ্য শক্তি’।
স্বদেশ প্রতিদিন/ আরএফ