প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪৩ পিএম

সিলেটে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি শেষ পর্যন্ত বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। ইনিংসের সময় দুই দফায় বৃষ্টির হানা পড়ায় পূর্ণ ২০ ওভার খেলা সম্ভব হয়নি। বাংলাদেশ প্রথমে ব্যাট করে ১৮ ওভার ২ বলে ৪ উইকেটে ১৬৪ রান তোলে। তবে ডিএল মেথডে ম্যাচের ফলাফল নির্ধারণের জন্য নেদারল্যান্ডসকে অন্তত ৫ ওভার খেলতে হতো। কিন্তু সেই সময়টুকুও দিতে পারেনি বৃষ্টি। ফলে ম্যাচ আর শুরু করা সম্ভব হয়নি।
এর ফলে তিন ম্যাচ সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ দল।
প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার লিটন দাস ঝোড়ো ইনিংস খেলেন। নিয়মিত দুই ওপেনারকে বিশ্রাম দেওয়া হলে লিটনের সঙ্গী ছিলেন সাইফ হাসান। তিনি ৮ বলে ১২ রান করে ফিরলেও অন্য প্রান্তে আগ্রাসী ব্যাটিং চালিয়ে যান অধিনায়ক। ২৭ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করে শেষ পর্যন্ত ৪৬ বলে ৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন লিটন দাস।
তবে অন্য প্রান্তে ব্যাটাররা ভুগেছেন। তাওহিদ হৃদয় ১৪ বলে ৯ ও শামিম হোসেন ১৯ বলে ২১ রান করেন। শেষ দিকে নুরুল হাসান সোহান (১১ বলে অপরাজিত ২২) ও জাকের আলি (১৩ বলে অপরাজিত ২০) দ্রুত রান তুলে দলকে চ্যালেঞ্জিং স্কোরে পৌঁছে দেন।
আগের দুই ম্যাচেই টসে জিতে প্রথমে ফিল্ডিং করে নেদারল্যান্ডসকে ১৫০ রানের নিচে আটকে রেখেছিল বাংলাদেশ। ছোট লক্ষ্য সহজেই পেরিয়ে যায় টাইগাররা। তাই শেষ ম্যাচে আগে ব্যাট করে ব্যাটিং শক্তিমত্তা যাচাইয়ের সুযোগ পায় দলটি। তবে বৃষ্টির কারণে আর সেই ইনিংসের জবাব দেওয়া হয়নি নেদারল্যান্ডসের।
স্বদেশ প্রতিদিন/ আরএফ