প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ১:০০ পিএম

কক্সবাজারে তিন দিনব্যাপী হাফেজ, ইমাম ও নূরানী মুআল্লিমদের জন্য কুরআনের বিশুদ্ধ তিলাওয়াত প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস সহ-সেক্রেটারী ও রামু রাজারকুল মাদ্রাসার মোহতামিম মোহসীন শরীফ এই প্রশিক্ষণ ক্লাস উদ্বোধন করেন। জামিয়ার ইমাম বোখারী মসজিদ কমপ্লেক্সে ৩, ৪ ও ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ ক্লাস।
অনুষ্ঠানে কোরআনে সহীহ তেলোয়াতের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা জাফর উল্লাহ নুরী, জামিয়াতুল ইমাম মুসলিম রহঃ শায়খুল হাদিস আল্লামা আবদুল গফুর নদীম ও সাউদ বিন সালাহুল ইসলাম।
তারা বলেন, 'আল্লাহ তাআলা মানবমুক্তির জন্য রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর মহাগ্রন্থ আল-কুরআন নাজিল করেছেন। কুরআনের চর্চা ও এর বিধানকে মানবজাতির জন্য মেনে চলা ফরজ করে দিয়েছেন। মানবমুক্তির পথ সুগম করার লক্ষ্যে বিশ্ব মানবতার প্রতিটি সমস্যার নির্ভুল ও নিখুঁত সমাধানও রয়েছে এ কুরআনে।'
বক্তারা আরো বলেন, 'আবার বিশুদ্ধ তেলাওয়াতকে ইবাদতের জন্য আবশ্যক করে দিয়েছেন আল্লাহ তাআলা। বিশুদ্ধ তেলাওয়াত ছাড়া নামাজও কবুল হয় না। তাই ইবাদত-বন্দেগিসহ কুরআনের বিধান বুঝতে হলে পড়তে হবে কুরআন। এ জন্য প্রথমেই প্রয়োজন বিশুদ্ধ কুরআন তেলাওয়াত। সুরা মুজাম্মিলে আল্লাহ তাআলা বলেন-‘কুরআন তেলাওয়াত কর ধীরে ধীরে, স্পষ্ট ও সুন্দরভাবে।''
দেশের প্রাচীনতম কওমি শিক্ষা বোর্ড আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ কর্তৃক পরিচালিত এই কুরআন কোর্সে অংশ নিয়েছেন প্রায় ৫০ জন শিক্ষক-শিক্ষার্থী।
স্বদেশ প্রতিদিন/শাহো