প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৮:২৫ AM

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির দুই গ্রুপের মধ্যে বিরোধের জেরে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত পৌর এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস মঙ্গলবার রাতে এ আদেশ জারি করেন।
আদেশে উল্লেখ করা হয়েছে, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুন্দরগঞ্জ উপজেলা ও সুন্দরগঞ্জ পৌর বিএনপির দুই গ্রুপ পরস্পরবিরোধী অবস্থান নিয়েছে। এতে সুন্দরগঞ্জ পৌর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই পরিস্থিতি শান্ত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস মঙ্গলবার রাতে এ আদেশ জারি করেন। এ সময় ৫ জনের বেশি মানুষের একসঙ্গে চলাচল, কোনো মাইকিং, অস্ত্র বহন এবং সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়।
ইউএনও জানান, বিএনপির দুই গ্রুপের বিরোধের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে—এমন আশঙ্কা থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত হবেন না।
তিনি আরও বলেন, “পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। প্রয়োজনে অতিরিক্ত পুলিশ এবং সেনাবাহিনীও মোতায়েন করা হবে।”
স্বদেশ প্রতিদিন/এমএম