প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৩০ AM আপডেট: ০৩.০৯.২০২৫ ৮:৩৯ এএম

সংগৃহীত ছবি
পিআর কী? এটা খায় না গায়ে দেয় তা অনেকে জানে না। পিআর পদ্ধতি মানে আপনি ভোট দেবেন নোয়াখালী, এমপি হবেন পার্বত্য চট্টগ্রাম বা উত্তর বঙ্গের কোনো নেতা। তাই পিআর পদ্ধতিতে নির্বাচন মানে একটা ধোঁকাবাজি বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বরকত উল্লাহ বুলু বলেন, “জামায়াতসহ কিছু দল পিআর পদ্ধতিতে ভোট চায়। কারণ তারা জনগণের কী হবে সেটা ভাবে না। আপনি এলাকার যাকে ভোট দেবেন, তিনি এমপি নির্বাচিত হয়ে আপনার সুখে-দুঃখে থাকবে, আপনিও বিপদে আপদে তার সহযোগিতা পাবেন। সুতরাং জনগণ পিআর নয়, প্রত্যক্ষ ভোটে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে চায়।”
আওয়ামী লীগের কোনো সেক্টর কমান্ডার নেই উল্লেখ করে বরকত উল্লাহ বুলু বলেন, “শহীদ জিয়া সেক্টর কমান্ডার থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। ১৯৭৭ সালে ওয়াইসি সম্মেলনে গিয়ে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের ১৯টি দেশে শ্রমবাজার সৃষ্টি করেন প্রেসিডেন্ট জিয়া। ১৯৮০ সালে সাড়ে ৫০০ গার্মেন্টস শিল্প অনুমোদন দিয়ে মা-বোনদেরকে স্বচ্ছলতার পথ দেখিয়েছেন। আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।”
জামায়াতে ইসলামী ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ মুদ্রার
এপিঠ-ওপিঠ উল্লেখ করে তিনি আরো বলেন, “১৯৮৬ সালে জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগ বেগম জিয়ার সাথে
বেইমানি করে স্বৈরশাসক এরশাদের সাথে নির্বাচন করে স্বাধীনতাবিরোধী জামায়াত
পেয়েছিল ৪ সিট। জামায়াতে ইসলামী ১৯৭১ সালে পাকিস্তানিদের হয়ে
মুক্তিযোদ্ধাদের সাথে যুদ্ধ করেছিল। ওই সময় লাখ লাখ মানুষ ও ২ লাখ মা-বোন
ইজ্জত হারিয়েছিল।”
উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌরসভার বিভিন্ন স্থান থেকে হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন। বেগমগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে চৌমুহনী চৌরাস্তা কেন্দ্রীয় বাস টার্মিনালে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।