
চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ আব্দুর রকিব বলেছেন, অধিকাংশ অপরাধের মূল কারণ হচ্ছে মাদক। সমাজকে এই ভয়াবহ ব্যাধি থেকে রক্ষা করতে হলে সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টার পাশাপাশি সন্তানদের নৈতিক ও ধর্মীয় শিক্ষা দিতে হবে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার চান্দ্রা বাজার ঈদগাহ ময়দানে সচেতন মহলের উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসপি বলেন, “আপনারা অনেকে বলেছেন, মাদকসেবী ও বিক্রেতাদের তথ্য দিলে ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকে। আমি আপনাদের নিরাপত্তা নিশ্চিত করবো। যারা তথ্য দিয়ে মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দেবেন, প্রথম ১০ জনকে ৫ হাজার টাকা করে পুরস্কৃত করা হবে।”
তিনি আরও জানান, ইউনিয়নে পুলিশের নিয়মিত অভিযান চলবে, পাশাপাশি গোয়েন্দা পুলিশও কাজ করবে।
এসপি মুহাম্মদ আব্দুর রকিব অভিভাবকদের উদ্দেশে বলেন, যার মধ্যে ধর্মীয় শিক্ষা আছে সে কখনো অপরাধে জড়াবে না। তাই অন্যান্য শিক্ষার পাশাপাশি সন্তানদের অবশ্যই ধর্মীয় শিক্ষা দিন।
মাদকের ভয়াবহতা তুলে ধরে তিনি জানান, শুধু সদর উপজেলার ১৪ ইউনিয়নেই প্রতিমাসে গড়ে ৯০ থেকে ১০০টি মাদক মামলা হচ্ছে। সীমাবদ্ধতা সত্ত্বেও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
সভায় সভাপতিত্ব করেন জুলাই আন্দোলনে নিহত শহীদ তাজুল ইসলামের বাবা আনোয়ার উল্যাহ পাটোয়ারী।
বক্তব্য রাখেন জেলা জজ আদালতের আইন কর্মকর্তা ও সমাজসেবক অ্যাড. মো. শাহজাহান খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুকুর চাকমা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মু. মিজানুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় সংগঠনিক সম্পাদক শেখ জয়নাল আবেদীন, চান্দ্রা বাজার নুরিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এটিএম মোস্তফা হামিদী, ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওলাদ হোসেন ও আইনজীবী আব্দুল কাদের খান প্রমুখ।
সভায় স্থানীয় সংগঠন ও সর্বস্তরের মানুষ অংশ নেন। এর আগে একটি র্যালি বাজার এলাকা প্রদক্ষিণ করে।
সভায় একটি মাদকবিরোধী অভিযোগ বক্স রাখা হয়, যেখানে স্থানীয়রা গোপনে তথ্য দিয়ে তালিকা জমা দেন। সভার শেষে উদ্যোগতা অ্যাডভোকেট শাহজাহান খান সেই বক্স পুলিশ সুপারের হাতে তুলে দেন।
স্বদেশ প্রতিদিন/এনআর