প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০২ পিএম আপডেট: ০২.০৯.২০২৫ ৯:০৬ PM

দেশের গণতন্ত্র রক্ষায় আপসহীন সংগ্রামের স্বীকৃতি হিসেবে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নোবেল পুরস্কারে ভূষিত করার দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।
তিনি বলেন, জেল-জুলুম এবং নানা অত্যাচন সত্ত্বেও বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র রক্ষার জন্য দেশ ছেড়ে কোথাও যাননি। এ কারণে অন্তর্বর্তী সরকারের উচিত তার নাম নোবেল পুরস্কারের জন্য প্রস্তাব করা।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রার পর আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এই দাবি জানান তিনি।
ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আরও বলেন, জাতীয়তাবাদী আদর্শের সঙ্গে জনগণকে একত্রিত করার লক্ষ্যে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। তাই এই দিনটি বাংলাদেশের মানুষের জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার। বিএনপি সবসময় দেশের সম্পূর্ণ স্বাধীনতা, শক্তিশালী সার্বভৌমত্ব সুরক্ষা এবং বহুদলীয় গণতন্ত্রকে স্থায়ী করার নীতিতে অঙ্গীকারবদ্ধ।
গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে শোভাযাত্রা শেষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল আউয়াল লোকমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন তরুণ রাজনীতিবিদ পারভেজ সোবহান, সাবেক ইউপি চেয়ারম্যান ও আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মাহাবুবুল ইসলাম, বিএনপি নেতা মো. নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবদুল মালেক আকন, আগৈলঝাড়া উপজেলা যুবদলের সভাপতি শোভন রহমান মনির, গৌরনদী উপজেলা যুবদলের সভাপতি মনির হাওলাদার, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. জামাল হাওলাদার, জেলা উত্তর যুবদলের যুগ্ম সম্পাদক রাশেদুল ইসলাম টিটন এবং জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি এসএম হীরা।
স্বদেশ প্রতিদিন/ আরএফ