প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫৯ পিএম আপডেট: ০২.০৯.২০২৫ ৯:০২ PM

সংগৃহীত ছবি
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত প্রায় ২ হাজার উত্তর কোরীয় সেনা নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজধানী সিউলে এক সংবাদ সম্মেলনে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিসের বরাত দিয়ে দেশটির এমপি লি সিওং-কিউন এ তথ্য জানিয়েছেন।
লি সিওং-কিউন বলেন, “গত এপ্রিল পর্যন্ত আমাদের কাছে তথ্য ছিল যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার কমপক্ষে ৬০০ জন সেনা নিহত হয়েছে। পরে বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য যাচাই করার পর আমরা জানতে পেরেছি, এই সংখ্যাটি প্রায় ২ হাজার।”
উত্তর কোরিয়া রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র রাষ্ট্রগুলোর মধ্যে অন্যতম। ২০২২ সালের ফেব্রুয়ারির শেষ দিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পরপরই রাশিয়ার পাশে থাকার ঘোষণা দেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।
এরপর বিভিন্ন সময়ে উত্তর কোরিয়া রাশিয়ার জন্য গোলাবারুদ ও ড্রোন সরবরাহ করেছে।
২০২৪ সালে রাশিয়ার পক্ষে লড়ার জন্য সেনা পাঠানো হলেও কতজন সেনা পাঠানো হয়েছে তা তখন জানা যায়নি। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৪ সালে কিম রাশিয়ায় ১০ হাজারেরও বেশি সেনা পাঠিয়েছিলেন। তাদের সঙ্গে যথেষ্ট পরিমাণে গোলাবারুদ, আর্টিলারি শেল, ক্ষেপণাস্ত্র এবং দূরপাল্লার রকেট সিস্টেমও পাঠানো হয়েছিল।
এই সেনাদের মোতায়েন করা হয়েছিল ইউক্রেনের সীমান্তবর্তী রুশ প্রদেশ ক্রুস্কে, যেখানে ২০২৪ সালে ব্যাপক সংঘাত হয়েছে রাশিয়া ও ইউক্রেনের সেনাবাহিনীর মধ্যে। সেই সংঘাতেই প্রাণ হারিয়েছেন এই উত্তর কোরীয় সেনারা।
মঙ্গলবারের সংবাদ সম্মেলনে লি সিওং-কিউন জানান, রাশিয়ায় আরও সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া। তিনি বলেন, “আমাদের হাতে থাকা গোয়েন্দা তথ্য অনুযায়ী, পিয়ংইয়ং আরও ৬ হাজার সেনা পাঠানোর পরিকল্পনা নিয়েছে। এর মধ্যে ১ হাজার সেনা ইতোমধ্যে রাশিয়ায় পৌঁছেছে।”
উল্লেখ্য, কয়েক দিন আগে রাশিয়ায় নিহত সেনাদের স্মরণে রাষ্ট্রীয় উদ্যোগে শোকসভা আয়োজন করেছিল উত্তর কোরিয়া। সেই সভার প্রধান অতিথি ছিলেন কিম জং উন।
সূত্র: এএফপি