প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৪২ পিএম

চট্টগ্রামের বাঁশখালীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হাজারো মানুষের উপস্থিতিতে জশনে জুলুস পালিত হয়েছে। মধুর কণ্ঠে হাম-নাত ও দরুদ মুখর পরিবেশে অনুষ্ঠানে আনন্দ ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় আহলে সুন্নাত ওয়াল জমা’আত, গাউসিয়া কমিটি বাংলাদেশ কাথরিয়া শাখা এবং আল্লামা গাজী শেরে বাংলা (রহ.) স্মৃতি সংসদের উদ্যোগে কাথরিয়া ইউনিয়নে এই জশনে জুলুসের আয়োজন করা হয়।
জশনে জুলুসে হাজারো মানুষ পায়ে হেঁটে এবং গাড়িতে চেপে কাথরিয়ার চুনতি বাজারে জমায়েত হন। এরপর একটি র্যালি বের হয়ে কাথরিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাগমারা অলিশাহ (রহ.) সুন্নিয়া দাখিল মাদ্রাসা মাঠে মিলাদ মাহফিল ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।
র্যালি ও মিলাদ মাহফিলের সময় হযরত মুহাম্মদ (সা.)-এর সম্মানে দরুদে সালাম উচ্চারণ এবং আল্লাহু আকবারের প্রতিধ্বনি ছড়িয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে সর্বস্তরের সুন্নী জনতা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র-সমাজসহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন।
মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন ছোবহানিয়া আলিয়া মাদ্রাসার সাবেক মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা আব্দুল মালেক আশরাফি, মাওলানা নেছার উদ্দিন মুনিরী, মাওলানা আবদুর রহমান, গাউছিয়া কমিটি বাংলাদেশ কাথরিয়া ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী, বাগমারা অলিশাহ (রহ.) সুন্নিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আব্দুর রহমান, সার্জেন্ট নুর হোসাইন ও বোয়ালখালী সুন্নিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুর রহমান প্রমুখ।
স্বদেশ প্রতিদিন/ আরএফ